চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

আগস্টে রাজস্ব আয় বেড়েছে ২৯%

চট্টগ্রাম কাস্টমস: আগস্টে রাজস্ব আয় বেড়েছে ২৯%

ইমাম হোসাইন রাজু

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:১০ পূর্বাহ্ণ

অর্থবছরের শুরুর মাস জুলাইয়ের মন্দা কাটিয়ে আগস্টে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির মুখ দেখেছে চট্টগ্রাম কাস্টম হাউস। সদ্য সমাপ্ত আগস্ট মাসে ৭ হাজার ৯২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে প্রতিষ্ঠানটিতে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ২০ শতাংশ বেশি।

 

যদিও নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় ছিল কম। তবে আগস্টের বড় সাফল্যের ফলে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সামগ্রিক রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫১ শতাংশ। এই দুই মাসে (জুলাই-আগস্ট) কাস্টম হাউসের মোট রাজস্ব আদায় দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে মোট ১৪ হাজার ১৭ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ১২ হাজার ৯১৮ কোটি ৬৫ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ৯৯ কোটি ৩ লাখ টাকা।

 

তবে দুই মাসে রাজস্ব আদায় বাড়লেও নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে এখনো পিছিয়ে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১৪ হাজার ১৭ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে ৭ হাজার ৫১২ কোটি ৬৬ লাখ টাকা।

 

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছিল ৬ হাজার ৯২৫ কোটি ৬৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই মাসে আদায় হয়েছিল ৭ হাজার ৪২৯ কোটি ৩৮ লাখ টাকা। ফলে জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমেছিল ৬ দশমিক ৭৮ শতাংশ।

 

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিক‚লতায় প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছিল। তবে আগস্ট থেকে বন্দর কার্যক্রম ও আমদানি-রপ্তানি গতি পাওয়ায় রাজস্ব আহরণে এ ইতিবাচক ধারা তৈরি হয়। দুই মাস মিলে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় সার্বিক আদায়ে ৮.৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

 

অন্যদিকে, চলতি অর্থবছরের আগস্ট মাসে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য গতি আসে। গত ২০২৫-২৬ অর্থবছরের ওই একই সময়ে আদায় হয়েছিল ৫ হাজার ৪৮৯ কোটি ২৭ লাখ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯২ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আগস্টে রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ৬০২ কোটি ৭৩ লাখ টাকা। প্রবৃদ্ধির হারে যা ২৯ দশমিক ২০ শতাংশ।

 

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, আগস্টে রাজস্ব আদায়ে যে প্রবৃদ্ধি হয়েছে, তা ইতিবাচক। রাজস্ব আদায়ের এই ধারা অব্যাহত রাখতে কাস্টমসের কার্যক্রম আরও গতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। আমদানি কার্যক্রমের ওপর রাজস্ব আদায় অনেকটাই নির্ভরশীল। আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলে এবং বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা সম্ভব হলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সুযোগ রয়েছে।

 

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউস মোট ৮১ হাজার ৪৭১ কোটি ৩৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। আগের অর্থবছরের তুলনায় ওই বছর রাজস্ব আদায়ে ১২ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

 

দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর। বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের ওপর শুল্ক-কর আদায়ের মাধ্যমে দেশের রাজস্ব আয়ের বড় একটি অংশ আসে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে। ফলে আমদানি কার্যক্রমের গতি, পণ্যের মূল্য ও পরিমাণ এবং শুল্ক-কর আদায়ের ওপর কাস্টমসের রাজস্ব আদায় অনেকটাই নির্ভরশীল।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট