চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার রাত ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় অংশ নেন। এ সময় তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।

 

সহকর্মী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় ছায়েদুর রহমান তাঁর স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

 

মোহাম্মদ ছায়েদুর রহমান তিন কন্যাসন্তানের জনক। তাঁর বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তাঁরা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক এবং তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট