চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বারবার সংকটে পড়া বাংলাদেশকে উদ্ধার করেছে বিএনপি: আমির খসরু

বারবার সংকটে পড়া বাংলাদেশকে উদ্ধার করেছে বিএনপি: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৪১ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে বারবার সংকটে পড়া বাংলাদেশকে যেভাবে বিএনপি উদ্ধার করেছে, এবারও দেশের গভীর সংকট থেকে উত্তরণে দলটিই নেতৃত্ব দিতে পারবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নামক গভীর গর্ত থেকে উঠে আসতে একটু সময় লাগলেও বিএনপি, দলের নেতাকর্মীরা এবং তারেক রহমানই এই কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আমির খসরু আন্দোলনের রাজপথে লড়াই করা, জেল-নির্যাতন ভোগ করা এবং জীবনদানকারী পরিচিত মুখগুলোর ত্যাগের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, সরকারি দায়িত্ব পালন ও কাজের চাপের কারণে এখন আগের মতো সার্বক্ষণিক নেতাকর্মীদের সময় দেওয়া সবসময় সম্ভব হয় না। তবে দেশের জন্য কাজ করতে মন্ত্রী বা এমপি হওয়ার প্রয়োজন নেই, বরং দল ও দেশের প্রতি ভালোবাসাই যথেষ্ট। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেখানো রাজনৈতিক শৃঙ্খলা, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে বলেন, “দল নয়, দেশ বড়” এটাই আমাদের মূল শিক্ষা।

অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাহসী অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে এত বড় বাজেট দেওয়ার সাহস অনেকে না দেখালেও বিএনপি তা দেখিয়েছে এবং এই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। অনেক ত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন এবং নির্বাচিত সংসদ ও সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব।

অপশক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী দিনের উন্নয়নে বাধাদানকারীদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। এলাকায় মাদক ব্যবসায়ীদের শুধু পুলিশের ভরসায় না রেখে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে এবং চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। দেশের উন্নয়ন ও সরকারি কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে সক্রিয় অপশক্তিগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর এবং কেন্দ্রীয় সদস্য শামসুল আলম প্রমুখ।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট