দৈনিক পূর্বকোণ-এলিট পেইন্ট বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর কুইজ ধামাকার পুরস্কার বিতরণী গতকাল সোমবার নাসিরাবাদস্থ পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রুপের পরিচালক ও সুপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ, এলিট পেইন্ট গ্রুপের পরিচালক রাবেজ আহমেদ, এলিট পেইন্ট গ্রুপের পরিচালক রাহিল আহমেদ এবং এলিট পেইন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার লায়ন সুব্রত দেব, এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাসুদ বাকি।
অনুষ্ঠানে পূর্বকোণ এলিট ফুটবল কুইজ ধামাকার প্রথম রাউন্ড, রাউন্ড অব ৩২, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী বলেন, একটি আধুনিক সংবাদপত্রের মূল কাজ কেবল সংবাদ পরিবেশন করা নয়; মেধা বিকাশ, সুস্থ ধারার বিনোদন এবং তরুণ প্রজন্মকে জ্ঞানের আলোর সঙ্গে যুক্ত রাখাও পত্রিকার অন্যতম প্রধান সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই পূর্বকোণের এই আয়োজন। আজকের এই স্মার্টফোনের যুগে ডিজিটাল স্ক্রিনের বাইরে এসে ফুটবল ইতিহাসের পাতায় ডুব দিয়ে যেভাবে বিপুল সংখ্যক পাঠক এই কুইজে অংশগ্রহণ করেছে, তা সম্পাদক হিসেবে আমাকে দারুণ আশাবাদী করে তোলে।
আজ যারা পুরস্কার পেয়েছেন, আপনাদের এই হাসি মুখ আমাদের সকল আয়োজনের মূল সার্থকতা। পূর্বকোণ পত্রিকার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ প্রতিবারের মতো এবারও এমন আয়োজনে এলিট পেইন্ট কর্তৃপক্ষকে পাশে থাকার জন্য। এলিট পেইন্ট গ্রুপের পরিচালক ও সুপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ বলেন, পূর্বকোণের এমন আয়োজনে অংশ নিতে পারে আমরা আনন্দিত ও গর্বিত। পুরস্কারপ্রাপ্তদের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখে সত্যি ভাল লাগছে। সবসময় সুস্থ বিনোদন, খেলাধুলা এবং তরুণদের মেধা বিকাশে পূর্বকোণের যেকোনো উদ্যোগে পাশে থাকতে চাই আমরা।
খেলাধুলার এই সর্বজনীন উদ্দীপনা ও তরুণদের জানার আগ্রহকে উৎসাহিত করতেই আমরা প্রতিবারের মতো এবারও পূর্বকোণের এই বিশ্বকাপের আয়োজনে অংশীদার হয়েছি। পাঠকদের প্রাণের পত্রিকা দৈনিক পূর্বকোণ উল্লেখ করে এলিট পেইন্ট গ্রুপের পরিচালক রাবেজ আহমেদ বলেন, ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই রোমাঞ্চ, পূর্বকোণের এমন আয়োজন ফুটবল বিশ্বকাপ চলাকালে পাঠকদের সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল। এলিট পেইন্ট গ্রুপের পরিচালক রাহিল আহমেদ বলেন, এমন একটি সফল, গোছানো এবং প্রাণবন্ত আয়োজন উপহার দেওয়ার জন্য আমি পূর্বকোণ এবং এর পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিকাশে এ ধরনের মানসম্মত উদ্যোগে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করব। পরিশেষে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের নির্বাহী পরিচালক জাসির চৌধুরী, পূর্বকোণের জেনারেল ম্যানেজার মোজাম্মেল জিলানী, বিজ্ঞাপন বিভাগের তসলিম নেওয়াজ প্রমুখ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেন অতিথিবৃন্দ। পুরস্কার হাতে নিয়ে যখন বিজয়ীরা বের হচ্ছিলেন, তখন চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। কারো হাতে স্মার্ট টিভি, কারো হাতে মোবাইল, কেউ পেয়েছেন ফ্রিজ, প্রেশার কুকার, ওভেন অথবা রাইস কুকার। সান্ত¡না পুরস্কার ইস্ত্রি বা ডিনার সেটও পেয়েছেন অনেকে।
ফাইনাল রাউন্ডের প্রথম পুরস্কার নগদ পঞ্চাশ হাজার টাকা বিজয়ী মো. মানিকের উচ্ছ্বাস একটু বেশিই ছিল। স্ত্রী ও একমাত্র পুত্রকে নিয়ে আসেন পুরস্কার নিতে। পেশায় পত্রিকার হকার মো. মানিক বলেন, অভাবের সংসারে পরিবার নিয়ে বেশ কষ্ট করতে হয়। এই পুরস্কার অবশ্যই আমার সংসারের জন্য একটা বড় পাওনা।
পূর্বকোণ/নুসরাত


















