চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রতীকী ছবি

রিকশায় ফিরছিলেন তরুণী, অটোরিকশা থেকে ছোঁ মেরে নিয়ে গেল সব

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৬ | ১০:২৩ অপরাহ্ণ

ঢাকায় ছিনতাইকারীর ব্যাগের টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে স্কুল  শিক্ষিকা রনজিলা পারভিনের (৫৬) মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে সারাদেশকে। এবার চট্টগ্রামে সৈয়দা তানিয়া আলম নামের এক কলেজছাত্রীও পড়েছেন প্রায় একই ধরনের ছিনতাইয়ের কবলে। তবে ভাগ্য ভালো, ব্যাগটি রক্ষা করতে গিয়ে হাতে-পায়ে জখম হলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করতে পারেননি ব্যাগভর্তি জরুরি জিনিসপত্র।

গত শনিবার রাত ৯টার দিকে নগরের কাজীর দেউড়ির শপিং ব্যাগ সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিস্তারিত তুলে ধরে সৈয়দা তানিয়া আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পাশাপাশি তিনি কোতোয়ালী থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।

সৈয়দা তানিয়া আলম পূর্বকোণকে বলেন, ‘ক্লাস শেষে নগরের আন্দরকিল্লা থেকে এক বান্ধবীকে নিয়ে রিকশায় করে গরিবউল্লাহ শাহ এলাকার বাসায় ফিরছিলাম। কাজীর দেউড়ি মোড় পার হওয়ার সময় আমার বান্ধবীর ফোনে কল আসে। আমি তাকে বারবার সতর্ক করছিলাম। এরই মধ্যে শপিং ব্যাগ শপিংমলের উল্টোপাশে পৌঁছালে ডান দিক থেকে আসা একটি অটোরিকশা থেকে আমার হাতে থাকা ব্যাগে টান দেওয়া হয়। আমিও ব্যাগটি শক্ত করে ধরে রাখি। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা করতে পারিনি। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত ওয়াসা মোড়ের দিকে চলে যায়।’

তানিয়া আলম বলেন, ‘ব্যাগ নিয়ে টানাটানির সময় ধস্তাধস্তিতে আমার হাত ও পায়ে জখম হয়। পরে দ্রুত একটি অটোরিকশায় করে জিইসির দিকে যাই। কিন্তু ছিনতাইকারীদের গাড়িটি আর খুঁজে পাইনি।’

আইন বিষয়ে পড়াশোনা করা সৈয়দা তানিয়ার ব্যাগে ছিল মোবাইল ফোন, নগদ আড়াই হাজার টাকা, ক্লাস নোটসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র। ঘটনার পর তাঁর ফেসবুক স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাটিকে ঢাকায় প্রধান শিক্ষক রনজিলা পারভিনের ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, চট্টগ্রাম নগরেও অটোরিকশা ব্যবহার করে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটছে।

এদিকে এ ঘটনায় ‘দুর্র্ধষ’ ছিনতাইকারী হিসেবে পরিচিত শেখ ফরিদসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী তরুণীকেও থানায় ডেকে এনে আটক ব্যক্তিদের দেখানো হয়েছে। পাশাপাশি সিসি ক্যামরা পর্যবেক্ষণ করে ওই অটোরিকশাকেও চিহ্নিত করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটির তদন্তকারী কোতোয়ালী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. সেকান্তর মিয়া পূর্বকোণকে বলেন, ‘এ ঘটনায় আমরা ওই এলাকায় অটোরিকশা নিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত শেখ ফরিদ নামে এক ছিনতাইকারীসহ দুজনকে আটক করেছি। তবে শেখ ফরিদ খুবই ধূর্ত। সে এখনো ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেনি। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযানও অব্যাহত রয়েছে।’

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট