চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও হালিশহর এলাকায় ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে ১৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৪১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নগরের হালিশহর ও আগ্রাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডের সুপারশপ ‘উৎসব’ ও ‘স্বপ্ন’ এ পার্কিংয়ের জায়গায় ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ‘উৎসব’কে ৮ লাখ টাকা এবং ‘স্বপ্ন’কে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে সেফস লাউঞ্জ নামের একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে। অভিযানে মোট ১৩টি ভবন ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে তিনটি ভবনের ব্যতিক্রমী অংশ ভেঙে দেওয়া হয় এবং পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। অনিয়মকারী ভবন মালিকদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে। অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চউকের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২ এর চেয়ারম্যান মো. মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ আকতার, মো. হামিদুল হক প্রমুখ।
পূর্বকোণ/আরআর