মোংলা বন্দর দিয়ে ইউজড কার পার্টস ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানির সূত্র ধরে নগরের রহমতগঞ্জের একটি বাসার পার্কিং থেকে বিএমডব্লিউ গাড়ি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নিরারক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানিয়েছেন, মোংলা বন্দরে পৃথক পৃথক ইউজড কার পার্টস ঘোষণার আড়ালে সম্পূর্ণ বিলাসবহুল গাড়ি মাত্র তিন থেকে চারটি বড় অংশে কেটে এসকেডি (সেমি নকড ডাউন) অবস্থায় আমদানির অভিনব কৌশল উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
তিনি জানান, এই অভিনব কৌশল উদঘাটনের প্রেক্ষিতে ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য থাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের একটি নিবারক দল গোপন সংবাদের ভিত্তিতে জামালখান ওয়ার্ডের রহমতগঞ্জের ৩৩ কেবি আবদুস সাত্তার সড়কের সাত্তার মঞ্জিলে (বিটিআই ভবন) অভিযান চালিয়ে বিএমডব্লিউ (গাড়ি নম্বর চট্টমেট্রো-গ-১১-৩৬৫১) আটক করে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় বা আমদানি সংক্রান্ত তথ্য বা দলিলাদি চাওয়া হলে তা কাস্টমস গোয়েন্দা টিমের কাছে দেখাতে পারেননি।
শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে চোরাচালানের মাধ্যমে দলিলাদি জালিয়াতি করে বিএমডিব্লিউ (গাড়ি নম্বর চট্টমেট্রো-গ-১১-৩৬৫১) আনার অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গাড়িটির বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানান রেজভী আহম্মেদ।
পূর্বকোণ/আরআর

















