চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারের ডিসিসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ

কক্সবাজারের ডিসিসহ ৪ জনকে আদালত অবমাননার নোটিশ

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২৬ | ৪:৫৯ অপরাহ্ণ

‘আদালতের নির্দেশনা অমান্য করে’ কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করায় কক্সবাজারের জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ই-মেইল ও ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

 

আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় বালুর ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সৈকতের বৈশিষ্ট্য নষ্ট করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে। পরে আদালত শুনানি শেষে ২০১১ সালে রায় দেন।

 

রায়ে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং বালুর মধ্যে স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হয়।

 

এর আগে ওই আদেশ অমান্য করে সমুদ্রসৈকতের বালুর মধ্যে স্থাপনা নির্মাণ করায় আদালতের নির্দেশে দুই দফায় সেগুলো অপসারণ করা হয়।

 

আদালতের নির্দেশনা থাকার পরও কক্সবাজার পৌরসভা একটি প্রকল্প তৈরি করে জাইকার অর্থায়নে পুনরায় নির্মাণকাজ শুরু করেছে-এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বৃহস্পতিবার কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকোকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়।

 

নোটিশে উল্লেখ করা হয়, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এবং এর আগে দুই দফা আদালতের নির্দেশে বালুর মধ্যে নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হলেও কক্সবাজার পৌরসভার উদ্যোগে আদালতের নির্দেশ অমান্য করে বালুর মধ্যে নির্মাণকাজ শুরু হয়েছে, যা আদালত অবমাননার শামিল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট