চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামে তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৬ | ৫:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ২০২৪ সালের আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেছেন। ডেভিড ইমনের বিরুদ্ধে সিএমপিতে মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা মো. মুসা। মামলার অন্য আসামিরা হলেন-সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ এবং মো. হেলাল।

 

তাহসিন ইট ও বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখতেন তিনি। ঘটনার দিন বিকেল সোয়া ৪টার দিকে মজুতের জন্য সেখানে এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে সেখানে এসে তাহসিনকে গুলি করে চলে যায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট