কক্সবাজারের মহেশখালীতে জাতীয় গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র’ থেকে চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। এ সময় চোর চক্রের ফেলে যাওয়া সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২৫০ কেজি তামার তার উদ্ধার করা হয়। রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার ব্যাটালিয়নের সিপাহি মো. সোহাগ হোসেন। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তিনি এগিয়ে যান এবং তাদের গতিরোধ করেন।তখন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও সিপাহি সোহাগ সাহসিকতার সাথে তাদের প্রতিরোধ করলে চোর চক্রটি তারের কুণ্ডলীগুলো ঘটনাস্থলে ফেলে রেখে আঁধারে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রীয় স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পের নিরাপত্তা বজায় রাখতে ব্যাটালিয়ন সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্র এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা ও টহল জোরদার করা হয়েছে।
পূর্বকোণ/আরআর

















