ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের দাইয়াপাড়ার খোকনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রবিবার (২৩ আগস্ট) চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
এ সময় অসচেতনভাবে মশার লার্ভা উৎপাদন ও জনগণের জীবন হুমকিতে ফেলার দায়ে অভিযুক্তকে সিটি করপোরেশন আইন ২০০৯ এর ৯২ ধারা অনুসারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।
চসিক সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা, জমে থাকা পানি এবং বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত করে তা ধ্বংস করা হবে। যেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে, সেখানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/আরআর

















