ভবনে নকশার ব্যত্যয়, অনুমোদন বহির্ভূত নির্মাণ ও পার্কিংয়ের জায়গায় স্থাপনা নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাত ভবন মালিককে মোট ২৭ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে একটি ভবন সিলগালা এবং দুটি ভবনের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বুধবার (১৯ আগস্ট) নগরের লালদিঘীর পাড়, আসকার দিঘির পাড় ও চট্টেশ্বরী রোড এলাকায় সিডিএ’র বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এ অভিযান পরিচালনা করেন।
সাবেক সিটি মেয়র রেজাউল করিমের মালিকানাধীন চকবাজারের চট্টেশ্বরী রোডের (হামদর্দ বিল্ডিং) ভবনের পার্কিং স্পেসে নকশাবহির্ভূতভাবে দোকান নির্মাণের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছে সিডিএ। পাশাপাশি পার্কিংয়ের জায়গা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে আগামী নভেম্বরের মধ্যে দোকানগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মো. মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার মো. হামিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পূর্বকোণ/রাজীব

















