চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের ডিসি রোড এলাকার মৃত মনির হোসেনের পুত্র মো. ইকবাল এবং একই এলাকার হাবিবুল ইসলামের কন্যা শাহিদা ইসলাম।
পুলিশের তথ্যমতে, এসআই সাইফ উদ্দিন মো. শাওনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. ইকবালকে গ্রেপ্তার করা হয়। তিনি ইপিজেড থানার একটি মামলায় (জিআর-৮০/১৯) ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অন্য একটি ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে ডিসি রোড এলাকার হাজী মোজাহেরুল হক বিল্ডিং থেকে সাজাপ্রাপ্ত অপর আসামি শাহিদা ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত উভয় আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















