চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সীতাকুণ্ডে তিনদিন পরে সেই জাহাজে প্রবেশ বিশেষজ্ঞ টিমের

বিষাক্ত গ্যাস আতংক : এখনো ট্যাংকে যাননি কেউ

সীতাকুণ্ডে তিনদিন পরে সেই জাহাজে প্রবেশ বিশেষজ্ঞ টিমের

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড

১৮ আগস্ট, ২০২৬ | ১১:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি রাশিতে অবশেষে প্রবেশ করলেন বুয়েটের বিশেষজ্ঞ সদস্যরা। ঘটনার তিনদিন পর গতকাল (সোমবার) তারা জাহাজটি পরিদর্শন করলেও তারা জাহাজের সেই ট্যাংকটিতে এখনো যাননি। অন্যদিকে নিহত ৯ শ্রমিকের মধ্যে একজনের পরিবার বাদী হয়ে গতকাল একটি অপমৃত্যু দায়ের করেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল রিসাইক্লিং শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিকৃত জাহাজ এমভি রাশিতে একটি ট্যাংকি কাটার সময় বিষাক্ত গ্যাস আক্রান্ত হয়ে ৯ শ্রমিক নিহত ও আরো অন্তত ১০ জন অসুস্থ হন। এ ঘটনার সর্বত্র তোলপাড় সৃষ্টি হলে গ্রিন ইয়ার্ডটিতে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দুটি সরকারি ও একটি বেসরকারী তদন্ত টিম গঠন করা হয়।

 

এদিকে টিম গঠনের পর থেকে তদন্ত কর্মকর্তারা প্রতিদিন ঘটনাস্থল পরিদর্শন করলেও জাহাজটিতে আরো বিষাক্ত গ্যাস থাকার আশঙ্কায় প্রথম তিনদিনই জাহাজটিতে যেতে সাহস করেনি কোন কর্মকর্তা। তারা জাহাজটি গ্যাস ফ্রি হয়েছে কিনা নিশ্চিন্ত হতে বিশেষজ্ঞ দল পাঠানোর উপর জোর দিলে শিল্প মন্ত্রণালয় বুয়েটের রসায়ন বিভাগের একজন অধ্যাপকের নেতৃত্বে একটি বিশেষায়িত বিশেষজ্ঞ টিম গঠন করে রোববার সন্ধ্যায়।

 

বিশেষজ্ঞ টিমের প্রধান করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খানকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরিচালক ক্যাপ্টেন মো. শোয়েব আহমদ ও বিস্ফোরক পরিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক মুহাম্মদ মেহেদী ইসলাম খান।

 

বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার সাংবাদিকদের জানান, রবিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বিশেষজ্ঞ কমিটি প্রেরণের জন্য শিল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠান। এছাড়া রবিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এ বিষয়ে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুর্ঘটনা কবলিত জাহাজটির ভেতরে যে সকল চেম্বারে এখনো গ্যাস রয়েছে বলে ধারণা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

সেখানে কী পরিমাণ গ্যাস রয়েছে, আর কোন কোন জায়গায় গ্যাস রয়েছে, গ্যাসের প্রকৃতি, লিকেজের উৎস নির্ধারণ ও বন্ধকরণ বিষয়ে সুপারিশ নির্ধারণের জন্য একটি বিশেষায়িত বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিল্প মন্ত্রণালয়। ৩ সদস্যের এ কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

 

এদিকে দায়িত্ব পেয়েই এই বিশেষজ্ঞ দল সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত জাহাজটিতে যায়। এই টিমের সাথে এদিন অন্যান্য তদন্ত টিমের কিছু কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে তারা জাহাজে পৌঁছালেও যে ট্যাংকে বিষাক্ত গ্যাস ছিলো সেটিতে প্রবেশ করেননি। আজ (মঙ্গলবার) ওই ট্যাংকিতে প্রবেশ করে আরো তদন্ত করা হবে বলে বিশেষজ্ঞ টিমের সদস্যরা জানান।

 

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত টিমের আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলসহ অন্য তদন্ত টিমগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান।

 

অন্যদিকে একটি সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার একটি রেসকিউ বিশেষজ্ঞ টিম ওই জাহাজের ট্যাংকিতে প্রবেশ করবে। তারা ট্যাংকিটি সম্পূর্ণরূপে বিষাক্ত গ্যাস মুক্ত করলে বুয়েটের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে দেখবে। পরে জাহাজটি সম্পূর্ণ নিরাপদ হলে তদন্ত দ্রুত শেষ করা হবে।এদিকে গত শুক্রবার ফেরদৌস স্টিলে হতাহতের ঘটনায় এখনো কার্যক্রম বন্ধ রয়েছে ইয়ার্ডটির।

 

শুক্রবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সুযোগে ঐ ইয়ার্ডটিকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে একদল সুযোগ সন্ধানী। ফলে ইয়ার্ডটিও ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিককে ১০ লাখ টাকা করে প্রদানের ঘোষণা দেন মালিক পক্ষ। কিন্তু এ দুর্ঘটনা নিয়ে নানান প্রশ্ন তুলে চলেছে বিভিন্ন সংগঠন।

 

এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছে মালিক পক্ষ। ফেরদৌস স্টিলে দায়িত্বরত মালিক পক্ষের প্রতিনিধি মো. মহিউদ্দিন বলেন, যেকোন দুর্ঘটনার পর মালিকদের দিকেই অভিযোগের আঙুল উঠে। নানান মহল পেছনে লেগে যায়। মালিক পক্ষ কি ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটান? দুর্ঘটনায় কি মালিকদের লাভ আছে? দেশের কোন সেক্টরে দুর্ঘটনা হয় না? কিন্তু শিপব্রেকিং ইয়ার্ডে কোন দুর্ঘটনা ঘটলেই যেন গেল গেল একটা রব উঠে যায়। আমাদের দৃষ্টিভঙ্গি না বদলালে শিল্পটি ধ্বংস হয়ে যাবে।

 

অন্যদিকে ৯ জনের মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের হয়েছে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় নিহত শ্রমিকের পরিবার বাদী হয়ে থানায় অপমৃত্য মামলা দায়ের করেছেন। কিন্তু তিনি বাইরে থাকায় বাদী নাম জানাতে পারেননি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট