চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

 বোয়েসেল-এর ভুয়া লিংকে ক্লিক করে লাখ টাকা খোয়ালেন যুবক

রবি আজিয়াটাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

রাজীব রাহুল

১৭ আগস্ট, ২০২৬ | ১১:৩৭ অপরাহ্ণ

সরকারি প্রবাসী নিয়োগকারী সংস্থা ‘বোয়েসেল’ (BOESL)-এর ভুয়া অনলাইন লিংক পাঠিয়ে হ্যাকিং প্রক্রিয়া ‘ফিশিং’ এর মাধ্যমে বিকাশ একাউন্টের অর্থ আত্মসাতের অভিযোগে রবি আজিয়াটা পিএলসি ও একটি প্রতারক চক্রের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকার ওই ঘটনায় ভুক্তভোগী তরুণ উদ্যোক্তা মো. শামীম মিয়া (২৪) বাদী হয়ে আজ সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর ৪১২/২০২৬।

ঘটনার বিবরণ ও জালিয়াতির কৌশল

মামলার আরজি থেকে জানা যায়, বাদী শামীম মিয়া বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)’ এর পোর্টালে ব্যক্তিগত তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করেছিলেন। গত বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে তার মোবাইলে ০১৫৫২-১৪৬৩৪৫ নম্বর থেকে একটি খুদে বার্তা (এসএমএস) আসে। বার্তায় বলা হয়, তিনি গত ৭ আগস্টের বোয়েসেল সাক্ষাৎকার মিস করেছেন এবং আগামী ১৫ আগস্টের শিডিউলে অংশ নিতে এসএমএস এর মাধ্যমে দেওয়া লিংকে ক্লিক করে পুনরায় আবেদন করতে হবে।

বাদী সরল বিশ্বাসে ওই লিংকে প্রবেশ করার সাথে সাথেই তার ব্যবহৃত মটোরোলা জি৫২ সেটটি প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর তার বিকাশ অ্যাকাউন্ট (০১৭১৫৫-০৩৪১০৫) থেকে মুহূর্তের মধ্যে ১০টি ট্রানজ্যাকশনের মাধ্যমে মোট ৮৫ হাজার ৭১০ টাকা হাতিয়ে নেওয়া হয়।

রবি আজিয়াটা ও মাই এয়ারটেল অ্যাপের সম্পৃক্ততার অভিযোগ

মামলায় উল্লেখ করা হয়, আত্মসাৎকৃত অর্থগুলো ‘ROBI AXIATA PLC-RM61469’ নামক হিসেবে ‘মাই এয়ারটেল’ একাউন্ট নামে জমা হয়েছে। বাদীর অভিযোগ, রবি আজিয়াটা পিএলসি-এর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে তাদের অফিশিয়াল রিটেইলার বা মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা স্থানান্তর করা হয়েছে। মামলায় রবি আজিয়াটা পিএলসি এবং মাই এয়ারটেল অ্যাপস কর্তৃপক্ষকে ২ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

আইনি পদক্ষেপ

ভুক্তভোগী শামীম মিয়া ঘটনার দিনই বিকালে বিকাশ হেল্পলাইনে অভিযোগ (কমপ্লেইন আইডি: ৩৫৩৮১৬৫৯) জানান। পরবর্তীতে স্থানীয় কসবা থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়। এর প্রেক্ষিতে তিনি সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৮(২), ১৯(২), ২১(২), ২২, ২৪ ও ২৭ ধারায় চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই পিটিশন দাখিল করেন। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান মামলাটি অতি গুরুত্বের সাথে তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নির্দেশ দেন। বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সুজন দাশ। 

রবি আজিয়াটা যা জানালো

মামলার বিষয়ে জানতে চাইলে রবি আজিয়াটার মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের এক কর্মকর্তা প্রতিবেদককে পাঠানো বার্তায় জানায়, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল তথ্য বা মামলার দলিল পাইনি। তথ্য পেলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’

 

এদিকে, মামলায় শামীম মিয়া ছাড়াও তার পিতা মো. হান্নান মিয়াসহ আরও কয়েকজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। প্রতারিত যুবক বর্তমানে চরম আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন বলে আবেদনে উল্লেখ করেছেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট