চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নকল ওয়েবসাইট ও কিউআর কোডে পুলিশ ক্লিয়ারেন্স, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নকল ওয়েবসাইট ও কিউআর কোডে পুলিশ ক্লিয়ারেন্স, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৬ | ১১:২২ পূর্বাহ্ণ

বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল, নকল ওয়েবসাইট ও কিউআর কোড তৈরি করে জাল সনদ দেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

 

তারা হলেন- মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪৮) ও মো. আব্দুর রহমান (৪৬)।

 

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে , বিদেশগামী এক নাগরিকের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজনের বিষয়কে কেন্দ্র করে চক্রটির সন্ধান পাওয়া যায়। দ্রুত ও সহজে পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নেয় চক্রটি।

 

পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের আদলে একটি জাল সনদ তৈরি করা হয়। সনদটি বিশ্বাসযোগ্য করতে প্রকৃত কিউআর কোডের আদলে নকল কিউআর কোড এবং একটি নকল ওয়েবসাইট তৈরি করে চক্রটি।

 

কিউআর কোড স্ক্যান করলে সরকারি ওয়েবসাইটের পরিবর্তে চক্রটির তৈরি ওয়েবসাইটে তথ্য প্রদর্শিত হতো। জাল সনদটি প্রকৃত মনে করে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিতে জমা দেন ভুক্তভোগী। পরে এজেন্সির যাচাইয়ে সনদটি জাল হিসেবে শনাক্ত হলে তিনি চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।

 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। তথ্য যাচাই, জিজ্ঞাসাবাদ, অর্থ লেনদেন ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়। জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বাঁশখালী ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে রবিবার (১৬ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

তিনি আরও জানান, পুলিশ ক্লিয়ারেন্স গুরুত্বপূর্ণ সরকারি নথি। এর জালিয়াতি দেশের সরকারি নথির বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তাই দালাল বা অবৈধ মধ্যস্বত্বভোগীর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স না নিয়ে নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট