চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে চোরাই স্বর্ণসহ সংঘবদ্ধ চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে চোরাই স্বর্ণসহ সংঘবদ্ধ চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৬ | ৫:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড এলাকার একটি বাসায় তালা ভেঙে স্বর্ণালংকার চুরির ঘটনায় চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে গলানো অবস্থায় প্রস্তুত করা স্বর্ণের আংটি, কানের দুল ও চেন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা মো. রহমত প্রকাশ হাসান (২৯) এবং বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার সাজ্জাদ হোসেন প্রকাশ অপূর্ব (২৭)। তারা বায়েজিদ বোস্তামি এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় বসবাস করতেন।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টায় বায়েজিদ বোস্তামি থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গত ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই বিকেল ৫টার মধ্যে ডিসি রোডের বাসিন্দা এরফানুল হকের বাসার দরজার তালার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। সেখান থেকে ১২ লাখ টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ২৯ জুলাই চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল শনিবার তাদের আসামিদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার ‘বিএন জুয়েলার্স-এ অভিযান চালানো হয়। সেখানে দোকান মালিকের কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি স্বর্ণের আংটি, ৬ জোড়া কানের দুল ও ২টি চেন। একই সঙ্গে স্বর্ণ বিক্রয় সংক্রান্ত রেজিস্টার এবং আসামির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

 

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান আমিনুর রশীদ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট