চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

৪০ দিন আগে মারা যাওয়া তরুণের নামও কমিটিতে!

এনসিপি চট্টগ্রাম মহানগরের বর্ধিত আহ্বায়ক কমিটি ঘোষণা

৪০ দিন আগে মারা যাওয়া তরুণের নামও কমিটিতে!

তাসনীম হাসান

১৬ আগস্ট, ২০২৬ | ১১:২৪ পূর্বাহ্ণ

মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে কাজীর দেউড়ি মোড়ে যাচ্ছিলেন তাজরিন ফায়াজ। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও মিসরের ম্যাচটি দেখার কথা ছিল তাঁর। দিনটি ছিল ৭ জুলাই। কিন্তু সেই খেলা আর দেখা হয়নি ২৮ বছর বয়সী এই তরুণের। খেলা শুরুর কিছুক্ষণ আগে উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে তাঁর মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

মৃত্যুর ৪০ দিন পর সেই ফায়াজের নামই দেখা গেল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে।গতকাল শনিবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা বর্ধিত কমিটির সদস্য তালিকায় তাঁর নাম রয়েছে এক নম্বরে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সই করা এই বর্ধিত কমিটিতে মোট ৩১২টি নাম রয়েছে। এর আগে গত ১৪ মে ১৬৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। তিন মাস ধরে প্রস্তুতি ও পুনর্মূল্যায়নের পর প্রকাশ করা কমিটিতে একজন মৃত ব্যক্তির নাম, একই ব্যক্তির একাধিক পদ এবং পদত্যাগ করা নেতাদের নাম কোন প্রক্রিয়ায় যুক্ত হলো -সেসব নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

‘ভুলে ভরা’ এই কমিটির তালিকা নিয়ে দলের ভেতরেও ক্ষোভ দেখা দিয়েছে। জাতীয় ছাত্রশক্তির বোয়ালখালী উপজেলা কমিটির সদস্যসচিব এনামুল হক খান ফাহিম ফেসবুকে এক জায়গায় কমিটির ভুলভ্রান্তি তুলে ধরে লিখেছেন, ‘কি খেয়ে কমিটি দিয়েছে আল্লাহ মালুম।’

একই ব্যক্তির একাধিক পদ: কমিটিতে সবমিলিয়ে ১১ জনের নাম একাধিকবার এসেছে বলে জানা গেছে। এর মধ্যে রকিবুল হাসান নামের একজনের নাম এসেছে দুই পদে। একবার সাংগঠনিক সম্পাদক এবং আরেকবার সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁর নাম রয়েছে। তিনি কোন পদে দায়িত্ব পালন করবেন—জানতে চাইলে রকিবুল হাসান পূর্বকোণকে বলেন, ‘আংশিক কমিটিতে আমার নাম সিনিয়র সহ-সাংগঠনিক পদে ছিল। এখন পদোন্নতি দিয়ে আমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তবে ভুলবশত সিনিয়র সহ-সাংগঠনিকের তালিকায়ও আমার নাম রয়ে গেছে। এরকম আরও কয়েকটি হয়েছে। আশা করি সংশোধন করা হবে।’

আছেন পদত্যাগ করা ২২ নেতাও: গত ১৪ মে আহ্বায়ক কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মাথায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে চার নেতা পদত্যাগের ঘোষণা দেন। পরদিন সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ওই চারজনসহ মোট ২২ নেতার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানানো হয়। তখন ওই নেতারা দাবি করেছিলেন, অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ করে চট্টগ্রাম নগর এনসিপির রাজনীতি ধ্বংসের পাঁয়তারা চলছে। এর প্রতিবাদেই তাঁরা গণপদত্যাগ করেছেন। পরে তাঁরা পৃথকভাবে বিভিন্ন কর্মসূচিও পালন করেন। কিন্তু পদত্যাগের ঘোষণা দেওয়া সেই নেতাদেরও নাম রয়েছে নতুন বর্ধিত কমিটিতে। তাঁদের অনেকে নতুন কমিটিকে অভিনন্দনও জানিয়েছেন।

দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিদ্রোহীদের হয়ে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ রাফসান জানি নতুন বর্ধিত কমিটিতেও একই পদ পেয়েছেন। গতকাল কমিটি ঘোষণার পর তিনি ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন। এর একটিতে কমিটির তালিকা যুক্ত করে তিনি লেখেন, ‘নতুন বর্ধিত কমিটির সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।’

অন্য স্ট্যাটাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও যুগ্ম মুখ্য সংগঠক মো. জুবাইরুল হাসান আরিফকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘অহংকারী ও ঔদ্ধত্য আচরণের বিপরীতে গিয়ে রাজনৈতিক প্রতিটা সহযোদ্ধাদের দায়িত্ব নিয়ে কাজ করার প্রয়াসে আমি আমরা সর্বদা আপনাদের পাশে আছি।’

তবে পদত্যাগ করা নেতাদের আরেকজন সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ নতুন কমিটিতে তাঁর নাম থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। পূর্বকোণকে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি। এনসিপির সঙ্গে আমার দূরতম সম্পর্কও নেই। রাজনীতি ছেড়ে আমি ঢাকায় নিজের পেশা নিয়ে ব্যস্ত আছি। এরপরও কেন আমার নাম রাখা হলো-আমি জানি না।’

‘প্রিন্টিং মিসটেক’ বলছেন নেতারা: কমিটিতে মৃত ব্যক্তির নাম, একই ব্যক্তির একাধিক পদে অন্তর্ভুক্তি এবং পদত্যাগ করা নেতাদের নাম থাকার বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক কমিটির সদস্য মীর মোহাম্মদ শোয়াইব বিষয়টি ‘মুদ্রণজনিত ত্রুটি’ বলে দাবি করেন।

পূর্বকোণকে তিনি বলেন, ‘মুদ্রণজনিত ত্রুটির কারণে অনেক সদস্যের নাম একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছে। ১১ জনের নাম এসেছে। একজন মৃত সদস্যের নামও যুক্ত হয়ে গেছে। কমিটিতে সবমিলিয়ে ৩১২ জনের নাম আছে। তবে পুনরাবৃত্তি হওয়া নামগুলো বাদ দিয়ে কমিটি হবে ৩০১ জনের।’

মীর মোহাম্মদ শোয়াইব আরও বলেন, ‘মূলত আগের কমিটির সঙ্গে নতুন করে কমিটি পুনর্মূল্যায়ন করার সময় কপি-পেস্ট করতে গিয়ে এই ভুল হয়েছে। সংশোধন করে কমিটির তালিকা আবার প্রকাশ করা হবে।’ এখন সংশোধিত তালিকায় এসব ভুল কতটা দূর হয়, সেটিই দেখার বিষয়।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট