চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় একটি পুকুর থেকে সেলিম (৩২-৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে চট্টেশ্বরী গায়েবি মসজিদসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে থানায় এসে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, দুপুরে পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় পুকুরের পাড়ে একটি লুঙ্গি ও সাবান পাওয়া যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, সেলিম গোসল করতে পুকুরে নেমেছিলেন। একপর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ বলেন, ‘পুকুরপাড়ে লুঙ্গি ও সাবান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গোসল করতে পুকুরে নেমে সেলিম পানিতে তলিয়ে যান।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, নিহত সেলিমের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। তাঁর পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।
ওসি বলেন, পরিবারের কাছ থেকে জানা গেছে, সেলিম নেশাগ্রস্ত ছিলেন এবং নেশা করে পুকুরে নেমেছিলেন। এরপরই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পূর্বকোণ/সারোয়ার

















