চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৬ | ৯:৩০ অপরাহ্ণ

পেশার মর্যাদা ও ভাবমূর্তি রক্ষায় প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে সরকার।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতামতের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রস্তুত করা হবে। পেশাগতভাবে কারা সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন, তা নির্ধারণের মানদণ্ড ঠিক করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

ভুয়া সাংবাদিকতার নেতিবাচক প্রভাব তুলে ধরে ইয়াসের খান বলেন, এর কারণে শুধু সংসদ সদস্যরাই নন, বিভিন্ন পেশার নারী-পুরুষসহ সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। পাশাপাশি সঠিক তথ্যের প্রচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে উৎসাহ দিয়ে যাচ্ছে।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির পাশাপাশি ভুয়া সাংবাদিকতা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের দাবি জানান।

তিনি অভিযোগ করেন, কম যোগ্যতাসম্পন্ন একটি গোষ্ঠী ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছে। স্মার্টফোনের মাধ্যমে মিথ্যা সংবাদ ছড়িয়ে তারা প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট