চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ কর্ণফুলীতে উদ্ধার

কর্ণফুলী সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২৬ | ৯:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান কর্ণফুলী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে দুপুরে হালিশহর ছোটপুলের পুনাক ক্যান্টিনে টহল দলটি ঢুকেছিল খেতে। ১০ মিনিট পর বের হয়ে দেখল তাদের রেখে যাওয়া গাড়ি উধাও।

 

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং চালিয়ে নিয়ে যান। খোদ পুলিশ লাইনসের সামনে থেকে দিনদুপুরে পুলিশের গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে সিএমপির একাধিক বিশেষ দল নগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে অভিযানের একপর্যায়ে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট