চট্টগ্রাম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:১১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থে যারা কাজ করছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘বিরোধী দল কথা বলবে, পার্লামেন্টে কথা বলবে, বাইরেও কথা বলবে এবং কর্মসূচি দেবে। কিন্তু অলীক কোনো বিষয় বা অহেতুক কোনো বিষয়, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, তা নিয়ে অতিরিক্ত হৈচৈ করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না।’

 

তিনি আরও বলেন, ভিন্নমত থাকবে, নিজের বিরুদ্ধে সমালোচনা থাকবে। তবে সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে। সেটি অপপ্রচার কিংবা কলঙ্ক লেপন হওয়া উচিত নয়।

 

দেশে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেওয়া সরকার এ সংকটের জন্য দায়ী নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি ব্যবস্থায়।

 

তিনি বলেন, ‘এটার জন্য তারেক রহমানের সরকার দায়ী নন। এটি বৈশ্বিক সংকট। ‘

 

সরকারের সামাজিক কার্যক্রম ও জনকল্যাণমুখী কর্মসূচির কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সামাজিক সুরক্ষা বা সোশ্যাল নেট যেভাবে তৈরি করা হচ্ছে, এতে বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রান্তিক, অসহায়, গরিব ও দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছেন।

 

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ।

সুত্র : বাসস

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট