চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও ‘পেশাদার জুয়াড়ি’ হিসেবে পরিচিত মো. ওসমান গনিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জুয়া খেলা, জুয়ার আসর পরিচালনা এবং অপরাধে সহায়তার অভিযোগ রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের আকমল আলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ওসমান গনি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। তিনি নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনি ইপিজেড থানা এলাকার চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন নির্জন ও দুর্গম স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, জুয়ার আসর বসানোর জন্য ঘর নির্মাণ, জুয়া খেলতে লোকজনকে উৎসাহিত করা এবং জুয়াড়িদের আশ্রয় দেওয়ার মাধ্যমে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করতেন তিনি। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিকবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইপিজেড থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওসমান গনির বিরুদ্ধে জুয়া খেলা ও জুয়ার আসর আয়োজনের অভিযোগে ওই থানায় আগে থেকেই দুটি মামলা ছিল। ২০২৫ সালে এবং চলতি বছরে জুয়া আইন, ১৮৬৭-এর বিভিন্ন ধারায় মামলা দুটি করা হয়।
সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) জুয়া খেলা, জুয়ার আসর পরিচালনা ও অপরাধে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে ইপিজেড থানায় তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ওসমান গনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনার অভিযোগ ছিল। অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

















