চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

দেওয়ানহাটে বাসি-পচা খাবারের ছড়াছড়ি, তিন রেস্টুরেন্টে অভিযান

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বাসি ও পচা খাবার বিক্রির জন্য রাখা এবং খাদ্যে অননুমোদিত ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিদর্শনে প্রতিষ্ঠানটিতে অননুমোদিত ক্ষতিকর রং মেশানো কাশ্মীরি মরিচ ব্যবহারের পাশাপাশি পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্য ও পানীয় পাওয়া যায়। এছাড়া রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাবার অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়।

 

রেস্টুরেন্টটির ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে রান্না করা খাবারও একইভাবে সংরক্ষণ করা হচ্ছিল বলে জানিয়েছে অধিদপ্তর।

 

অন্যদিকে, একই এলাকার আলিফ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ফ্রিজে রান্না করা বাসি খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া খাবারের মধ্যে তেলাপোকার বিচরণও দেখা যায়।

 

ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করার অভিযোগ পাওয়া যায়।

 

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্যে অনুমোদনহীন ক্ষতিকর রং ব্যবহার এবং পচা-বাসি খাবার সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। একইভাবে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করাও ভোক্তাদের জন্য ক্ষতিকর।

 

তিনি বলেন, এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে, তদারকি অভিযানের অংশ হিসেবে দেওয়ানহাট মোড় এলাকার কয়েকটি ফলের দোকানেও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত উপায়ে ফল সংরক্ষণ ও বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট