ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল কুদ্দুস খান গতকাল সোমবার সকালে পূর্ব নাসিরাবাদের পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স রুমে দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে ইউনিলিভার বাংলাদেশের এমডি রুহুল কুদ্দুস খান সমাজের বাস্তব চিত্র তুলে ধরায় দৈনিক পূর্বকোণের ভূয়সী প্রশংসা করেন। দেশের বৃহৎ স্বার্থে চট্টগ্রামের উন্নয়নে সরকারের করণীয় কি হওয়া উচিত, সে বিষয়ে জনমত তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া জ্বালানির কারণে দেশের ব্যবসা-বাণিজ্যের যে সংকটকাল চলছে তা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের জনগণের সেবায় ইউনিলিভারের ভূমিকার কথাও তুলে ধরেন এমডি রুহুল কুদ্দুস খান। দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খানকে পূর্বকোণ কার্যালয়ে স্বাগত জানান। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বিবেচনায় এদেশের আপামর জনগণের সেবায় আরও তিনি করার জন্য আত্মনিয়োগ ইউনিলিভারের এমডিকে অনুরোধ জানান।
সাক্ষাৎকালে ইউনিলিভার বাংলাদেশের পাবলিক রিলেশন এন্ড প্রজেক্ট ম্যানেজার এস এম ফয়সাল, মাস্টহেড পিআর গ্রুপ পিআর হেড কাজী মোহাম্মদ আবুল হাসান, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার সাইফুল আলম ও মহাব্যবস্থাপক মোজাম্মেল জিলানী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/নুসরাত

















