চট্টগ্রাম শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

দোহাজারীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজমিস্ত্রি খুন

দোহাজারীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজমিস্ত্রি খুন

চন্দনাইশ সংবাদদাতা

১৪ মার্চ, ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল খান সাহেব পাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সোহাগ (৩৮) নামে এক রাজমিস্ত্রি খুন হয়েছেন।

 

শনিবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

সূত্রমতে, গত ১৩ মার্চ রাতে পূর্বের কোনো ঘটনার জেরে প্রতিপক্ষ সোহাগকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মৃত্যু হয়।

 

নিহতের স্ত্রী ফেরদৌস আরা বেগম তাঁর স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ প্রায় ১৫ বছর আগে চকরিয়া থেকে এসে দিয়াকুল এলাকায় ফেরদৌস আরাকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। তাদের সংসারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর স্ত্রী ও সন্তানেরা এখন দিশেহারা। নিহতের স্ত্রী বিলাপ করে এই হত্যাকান্ডের বিচার দাবি করেছেন।

 

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান জানিয়েছেন, ছুরিকাঘাতের সংবাদ পাওয়ার পর তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট