চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় হেলপার (চালকের সহকারি) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকও।
নিহতের নাম মো. রবিউল হোসেন (৫০)। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে। আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর চলমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে চট্টগ্রামমুখী লেনে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন দিক থেকে আসা দ্রুতগামী পেঁয়াজবোঝাই আর একটি ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে চালকের সহকারি আটকা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় ট্রাকের চালকও আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ বের করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, আজ ভোরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপার মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর





















