কক্সবাজারের চকরিয়ায় ছয় বছরের শিশু মেয়েকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত কামাল উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভিকটিম ওই শিশুর পরিবার এবং স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় নাস্তার প্রলোভন দেখিয়ে কামাল উদ্দীন নামে এক ব্যক্তি একটি শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে আসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাৎক্ষণিক চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে কামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। অসুস্থ শিশুটি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে মেডিকেল চেকআপের জন্য তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। এ ঘটনায় রাতে ভিকটিম ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। এই মামলায় কামাল উদ্দিনকে আজ শনিবার (২ মে) সকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে ।
পূর্বকোণ/পিআর





















