চট্টগ্রাম শনিবার, ০২ মে, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ভাঙারির ডিপোতে সিলিন্ডার বিষ্ফোরণে ভ্যানচালক নিহত, আহত ২

সিলিন্ডার বিস্ফোরণে নসিমন চালক নিহত, আহত ২

সীতাকুণ্ড সংবাদদাতা

২ মে, ২০২৬ | ৪:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারির ডিপোতে সিলিন্ডার বিষ্ফোরণে এক নসিমন (ভটভটি) চালক নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।

 

শনিবার (১ মে) বিকালে উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

নিহত আরমান হোসেন (৩০) কুমিল্লার বাসিন্দা মৃত বাচ্চু মিয়ার ছেলে। আহতরা হলেন- মো. কামাল হোসেন ও হেলাল উদ্দিন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় অবস্থিত ইসমাইল আয়রন মার্ট নামক একটি স্ক্র্যাপ মালামালের দোকান। শনিবার দুপুরে আড়াইটার দিকে ওই দোকানে নসিমনযোগে কিছু গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়। এরপর সেই সিলিন্ডারগুলো নসিমন থেকে নামিয়ে রেখে এদিক ওদিক সরানোর সময় অসতর্কতাবশত একটি সিলিন্ডারের মুখের নিপল খুলে বিষ্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান নসিমনটির চালক আরমান হোসেন। এছাড়া ঘটনাস্থলে কাজে থাকা কামাল ও হেলাল নামক আরো দুইজন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

এদিকে ঘটনার পর খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

কুমিরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার (ভারপ্রাপ্ত) আহসান আলী জানান, সিলিন্ডার বিষ্ফোরণের কথা শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এখানে একজন চালক ঘটনাস্থলে নিহত ও আরো দুই জন আহত হয়েছেন।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সিলিন্ডার বিষ্ফোরণে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। লাশ উদ্ধার হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট