চট্টগ্রামের আনোয়ারায় এক তরুণীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২ মে) ভুক্তভোগীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী তরুণী তার খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন। পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে আবু তাহের নামে এক যুবক তাকে জোরপূর্বক দোকানের ভেতর নিয়ে যান। সেখানে তাকে প্রথম দফায় একাধিকবার ধর্ষণ করা হয়।
পরবর্তীতে অন্যান্য অভিযুক্তরা বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধারের অজুহাতে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী একটি বিলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আসামিরা পালাক্রমে তাকে আবারও ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত এই নৃশংসতা চলে। ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী তরুণী নিজ বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানান। লোকলজ্জার ভয় ও আনুষঙ্গিক কারণে কিছুটা বিলম্ব হলেও শনিবার থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে।
ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















