চট্টগ্রাম শনিবার, ০২ মে, ২০২৬

সর্বশেষ:

হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

২ মে, ২০২৬ | ৭:৪০ অপরাহ্ণ

দেশের ঐতিহ্যবাহী হাজি সেবা প্রতিষ্ঠান শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার উদ্যোগে হজ যাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২ মে) নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাহ মজিদিয়া-রশিদিয়া হজ কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান এ.টি.এম রশিদ উদ্দীনের (শাহীন) সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা হজের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরেন। আলেমগণ বলেন, মোহমায়া ত্যাগ করে যারা পরম করুণাময়ের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে পেরেছেন, তারাই হজের পূর্ণতা নিয়ে ঘরে ফিরতে পারেন। মদিনা শরীফ জিয়ারতের মাধ্যমে হজ যাত্রা শুরু করার মধ্যে এক মহান আধ্যাত্মিকতা রয়েছে উল্লেখ করে বক্তারা হাজীদের দলীয় শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও স্বাস্থ্য সচেতনতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এ.টি.এম রশিদ উদ্দীন শাহীন বলেন, প্রায় দুই যুগ আগে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং আল্লাহ ও রাসুল (সা.)-এর মেহমানদের খিদমতের জন্য এই অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। চড়াই-ওতরাই পেরিয়ে দীর্ঘ পথ চলায় যারা বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রশিক্ষণ কর্মশালার আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন, অধ্যক্ষ ড. শোয়াইব রশীদা মক্কী, গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহিউদ্দীন এবং চন্দনপুরা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হেলালুদ্দীন আনচারী।

মাওলানা হাফেজ এ.এইচ.এম রেজাউল করিম শাম্মামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল খালেক, এস.এম আজম খান, মোহাম্মদ আমানুল্লাহ আমান, মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা হাফেজ জাকারিয়া এবং ব্যবসায়ী মুহাম্মদ আবুল কালাম ও আবদুর রশীদ।

কর্মশালায় শতাধিক নারী ও পুরুষ হজ যাত্রী এবং কাফেলার পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।

পূর্বকোণ/কায়ছার 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট