চট্টগ্রাম শনিবার, ০২ মে, ২০২৬

সর্বশেষ:

ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যে জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার ‘অনুমেয়’ ছিল: জার্মান প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

২ মে, ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

ইউরোপ থেকে, বিশেষ করে জার্মানি থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করবে- এমন সিদ্ধান্ত ‘অনুমেয়’ ছিল বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস।

শনিবার (২ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইউরোপের গুরুত্বপূর্ণ মিত্র জার্মানির সঙ্গে এ ইস্যুতে টানাপড়েনের মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, সংঘাত বন্ধে চলমান আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করছে।

এদিকে, ইউরোপীয় দেশগুলোকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিতে হবে বলে মন্তব্য করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেন, জার্মানি এ ক্ষেত্রে ‘সঠিক পথে’ রয়েছে। দেশটি তাদের সশস্ত্র বাহিনী বুন্ডেসভেয়ার’র সম্প্রসারণ করছে এবং দ্রুতগতিতে সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে।

পিস্টোরিয়াস আরও বলেন, এ বিষয়ে জার্মানি তাদের মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করবে। বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড এবং ইতালির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট