ইরানের মানবাধিকার কর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদির শারীরিক অবস্থার অবনতি ঘটায় কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তার ফাউন্ডেশন শুক্রবার জানিয়েছে, তিনি কারাগারে দু’বার পুরোপুরি জ্ঞান হারান এবং গুরুতর হৃদরোগজনিত সংকটে পড়েন।
ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, কারাগারের চিকিৎসকরা মনে করেছেন তার অবস্থা সেখানে সামাল দেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে আগে থেকেই তার বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়ার সুপারিশ ছিল।
শুক্রবারই উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে তিনি দুইবার অজ্ঞান হয়ে পড়েন বলে জানায় তার ফাউন্ডেশন। মার্চের শেষ দিকে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বলে তার আইনজীবীরা জানান।
নার্গিস মোহাম্মাদি (৫৩) গত ১২ ডিসেম্বর মাশহাদ শহরে গ্রেপ্তারের পর থেকে কারাবন্দী রয়েছেন। ফেব্রুয়ারিতে তাকে সাত বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে ছয় বছর “রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকা”র অভিযোগ রয়েছে।
তার পরিবার দাবি করেছেন, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়েছিল, যার কারণে তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। তাদের দাবি, কয়েকজন ব্যক্তি তাকে শরীরের পাশ, মাথা ও ঘাড়ে মারধর ও লাথি মেরেছিল।
নোবেল কমিটিও ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে মোহাম্মাদির ওপর ‘চলমান জীবনহানিকর নির্যাতনের’ নিন্দা জানিয়েছে। ইরান সরকার এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
গ্রেপ্তারের আগে তিনি ইতোমধ্যে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও নিরাপত্তাবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৩ বছর ৯ মাসের দণ্ড ভোগ করছিলেন এবং ২০২৪ সালের শেষ দিকে চিকিৎসাজনিত কারণে সাময়িকভাবে মুক্তি পেয়েছিলেন।
তথ্যসূত্র : আল জাজিরা
পূর্বকোণ/কায়ছার/পারভেজ





















