সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এই বড় উদ্যোগের কথা উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
শনিবার ১৪ নভেম্বর রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’(আইডিইএসএইচআই)-এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুস্থ ও সবল বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, এর জন্য বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব ছিল।
বিপুল জনসংখ্যার দেশকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা কামনা করে তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজকে বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে সরকার নানাভাবে উৎসাহিত করছে। দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধান ও রোগ প্রতিরোধে আরও বেশি বিজ্ঞানী ও গবেষক তৈরি করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এমন একটি আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে বলেন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন ও জীবপ্রযুক্তির প্রসার ঘটানো, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো এবং স্বাস্থ্য গবেষণার জন্য একটি টেকসই পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরীসহ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য সুরক্ষা, জীববৈজ্ঞানিক ওষুধ (বায়োলজিক্যাল ড্রাগস), সংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

















