চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফাহিম (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ ফাহিম ওই এলাকার শেখ ওসমানের বাড়ির মো. আবু বক্কর সওদাগরের দ্বিতীয় পুত্র। সে চিকনদন্ডী ইউনিয়নের বড়দীঘির পাড় এলাকার আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার হেদায়া আওয়ালাইন জামাতের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, হাফেজ ফাহিম বাড়ির পাশের বিলে মাছ ধরার জন্য দোকান থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে মাঠ পাম্পের সাহায্যে পানি সেচ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশি ওহাব বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, তার মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, এ রকম কোনো ঘটনার খবর আমার জানা নেই।
পূর্বকোণ/শিমুল/এএইচ

















