চট্টগ্রাম শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি

সীমান্তে মিলল সাবেক বিডিআর সদস্যের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৬ | ১:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ভারত সীমান্তবর্তী অংশ থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে সাবেক এক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় তার লাশ উদ্ধার করা হয়।

অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ও বিডিআরের (বর্তমান বিজিবি) প্রাক্তন সদস্য বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, অংথেপ্রু মারমা শুক্রবার বেলা ২টায় গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরার কারণে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টায় খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।

তিনি বলেন, শনিবার ভোর থেকে পুনরায় তারা নিখোঁজ পিতার সন্ধান শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টায় ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান তারা। পরে আশপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

থৈ অংগ্য মারমা বলেন, ‘বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।’

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, খবর পেয়ে বিজিবির সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে। নিহতের ছেলে মামলা করবেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট