চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে বিয়ের এক মাস পূর্ণ হওয়ার দিনেই না ফেরার দেশে যুবক

দুই মোটরসাইকেলের সংঘর্ষ

ফটিকছড়িতে বিয়ের এক মাস পূর্ণ হওয়ার দিনেই না ফেরার দেশে যুবক

ফটিকছড়ি সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৬ | ৬:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ বারেক আলী (৩১) নামের ওই যুবক মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে।

নিহত বারেক আলী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত ১৪ অক্টোবর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের মাত্র এক মাসের মাথায় তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নানুপুর-চাড়ালিয়াহাট সড়কের আমতলী সংলগ্ন বাইশ্যরপুল এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির পাঁচ আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার দিনই আহতদের মধ্যে গোপালঘাটা গ্রামের মো. আকবরের ছেলে জিসান (২০) মারা যান।

দুর্ঘটনায় আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন ধমধমা গ্রামের চিত্তরঞ্জনের ছেলে সাগর (২৫), দিলীপ চন্দ্র নমের ছেলে সৌরভ নম (২০) এবং সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের সঞ্জু চক্রবর্তীর ছেলে বাবলু চক্রবর্তী (১৭)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান চিকিৎসাধীন অবস্থায় বারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট