চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে বাসের ধাক্কায় উল্টে গেল গ্যাসকূপ খননে সামগ্রীভর্তি লরি

মিরসরাইয়ে বাসের ধাক্কায় উল্টে গেল গ্যাসকূপ খননে সামগ্রীভর্তি লরি

মিরসরাই সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৬ | ৯:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসকূপ খননের কাজে ব্যবহৃত ড্রিলিং ফ্লুইডবাহী একটি লরি মহাসড়কে উল্টে গেছে। এতে লরিতে থাকা প্রায় ২০ লাখ টাকার কাঁচামাল নষ্ট হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে জোরারগঞ্জের মস্তাননগর ফারদিন মডেল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

লরিচালক জহির আলম জানান, চট্টগ্রাম বন্দর থেকে সিলেটের কৈলাশটিলায় গ্যাসকূপ খননের কাজে ব্যবহৃত ২০ বস্তা কেমিক্যাল নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে একটি সিডিএম বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তাঁর লরিতে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কের ডিভাইডারে উঠে উল্টে যায়। এ সময় কেবিনে আটকা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় লরি থেকে ছিটকে পড়া কাঁচামাল মহাসড়কে ছড়িয়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয় ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় প্রায় আট ঘণ্টা পর সড়ক থেকে কাঁচামাল সরানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়কে কাঁচামাল ছড়িয়ে পড়ায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। পরে সেগুলো সরানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পূর্বকোণ/রানা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট