চট্টগ্রাম শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের জমজমাট ব্যবসা

চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের জমজমাট ব্যবসা

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৬ | ১২:৪৯ অপরাহ্ণ

শীত সামনে রেখে চট্টগ্রামে পুরাতন কাপড় আমদানির গুদাম গুলো ইতোমধ্যে ভরপুর হয়ে উঠেছে। ফলে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জ, টেরিবাজার, জহুর হকার্স মার্কেট এবং মহল মার্কেটের পাইকারি পুরোনো কাপড়ের মোকাম। ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্যমতে, পাইকারি ও খুচরা মিলিয়ে এবারে চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 

পাইকারি মোকামগুলোতে এখন ব্যাপক কর্মচাঞ্চল্য। এসব মোকাম থেকে দেশের বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীরা বেল বেল পুরোনো কাপড় নিয়ে যাচ্ছেন শীতের বাজার ধরার জন্য। একইভাবে ক্রেতাদের আনাগোনা বেড়েছে খুচরা ও ফুটপাতের দোকানগুলোতেও। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আসা বিপুল চালানের প্রধান বিপণনকেন্দ্র খাতুনগঞ্জের আমীর মার্কেট, আছাদগঞ্জ ও মাঝিরঘাট, জহুর হকার্স মার্কেট, মহল মার্কেট, টেরিবাজার এলাকা।

 

এসব পাইকারি বিক্রেতার কাছ থেকে ঢাকার সদরঘাট, বাংলাবাজার ও বায়তুল মোকাররমসহ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের মতো উত্তরের তীব্র শীতপ্রবণ অঞ্চলে প্রতিদিন শত শত বেল কাপড় যায়। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সারা দেশের পাইকারদের উপস্থিতিতে চট্টগ্রামের এসব মোকাম এখন পুরোপুরি জমজমাট।

 

পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা যায়, ঋণপত্রের (এলসি) বিপরীতে চীন, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া থেকে জাহাজ বোঝাই করে কাপড় বন্দরে পৌঁছাচ্ছে। বন্দর থেকে সরাসরি খালাস করে এসব কাপড়ের বেল রাখা হচ্ছে বিভিন্ন গুদামে। তবে আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার বাড়ায় এবার আমদানিপণ্যের মূল্যে কিছুটা ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে। বাসস।

 

 

ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে পুরোনো কাপড়ের মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতির প্রভাব। বৈশ্বিক ভ‚রাজনৈতিক অস্থিরতায় সমুদ্রপথে জাহাজ ভাড়া ও কনটেইনারের ফ্রেইট চার্জ বৃদ্ধি পাওয়ায় ওজনে ভারী ও বিশাল আয়তনের এ পণ্য আমদানিতে সরাসরি অতিরিক্ত খরচ হচ্ছে। জহুর হকার্স মার্কেটের পাইকারি ব্যবসায়ী মো. ইউনুছ জানান, শীত ঝেঁকে বসবে নভেম্বরের শেষের দিকে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু। দুই মাসের মধ্যে যা ব্যবসা হয় হবে। দূর-দূরান্তের ক্রেতারা ইতোমধ্যে শীতের কাপড় নেয়া শুরু করেছেন।

 

বিদেশি সেকেন্ড-হ্যান্ড কম্বল প্রতি বেল বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে ২৮ হাজার টাকায়। প্রতি বেলে ২৮ থেকে ৩০টি কম্বল থাকে। নতুন কম্বল প্রতি পিস ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গুণগত মান ও সাইজ ভেদে দামের তারতম্য হয়।

 

জ্যাকেট প্রতি বেল ১০ হাজার থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কম দামি জ্যাকেট প্রতি বেলে ১৫০ থেকে ২০০ পিস থাকে। ৩০ হাজার টাকা দামের বেলে ৮০ থেকে ১০০টি থাকে। যার মধ্যে এডিডাস বা পুমার মতো নামিদামি ব্র্যান্ডের ফ্রেশ জ্যাকেটও অনায়াসে মিলে যায়। তিনি জানান, প্রতি বেল সোয়েটার ৭ হাজার টাকা থেকে শুরু। সোয়েটারে প্রতি বেলে ২০০টি থাকে। এক বেলে ৮০ থেকে ১০০ কেজি কাপড় থাকে।

 

আমদানিকারক জসিম উদ্দিন জানান, পুরুষের চীনা সোয়েটার প্রতি বেল ৭ হাজার ও ফুলহাতা মিক্সড গেঞ্জি সাড়ে ৬ হাজারে বিক্রি হচ্ছে। থাইল্যান্ডের লেডিস সোয়েটার ৮ হাজার এবং ১০০ কেজির লেডিস জিন্স ও গ্যাবার্ডিন প্যান্টের বেল ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

 

চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে অতি পরিচিত নাম জহুর হকার্স মার্কেট। গরম কাপড়ের পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে ঐতিহ্য রয়েছে এই মার্কেটের। হকার্স মার্কেটের বিনিময় স্টোরের স্বত্বাধিকারী টিপু সুলতান বলেন, ‘শীত আসার আগে এই দোকানে শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করেছি।’

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট