ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর চিকিৎসা শুরু করলেই নিয়ন্ত্রণে থাকছে না রোগটি। চিকিৎসকরা বলছেন, নিয়মিত ওষুধ সেবন, নির্ধারিত সময়ে রক্তে শর্করা পরীক্ষা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও চিকিৎসকের পরামর্শ অনুসরণের ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না অনেক রোগী। ফলে চিকিৎসার আওতায় এসেও নিয়ন্ত্রণের বাইরে থেকে যাচ্ছে রক্তে শর্করা।
চট্টগ্রামের পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২ হাজার ৭০ জন ডায়াবেটিস রোগীর ওপর পরিচালিত এক গবেষণাতেও দেখা গেছে, ৪৬ দশমিক ৩ শতাংশ রোগীর ওষুধ সেবনে অনিয়ম রয়েছে। জাতীয় পর্যায়ের আরেক গবেষণায় ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে মাত্র ৯ দশমিক ৬ শতাংশের রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকার তথ্য উঠে এসেছে।
চিকিৎসকদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোগীকে দীর্ঘমেয়াদে চিকিৎসার আওতায় রাখা জরুরি। অনিয়মিত ওষুধ সেবন, চিকিৎসকের পরামর্শ উপেক্ষা কিংবা প্রয়োজনীয় পরীক্ষা না করানোর কারণে রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে কিডনি, চোখ, হৃদযন্ত্র ও স্নায়ুর জটিলতার ঝুঁকি বাড়ে। তাই শুধু রোগ শনাক্ত ও ওষুধ সরবরাহ নয়, রোগীরা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন কি না এবং তাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকছে কি না, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
চট্টগ্রামের রোগীদের নিয়ে গবেষণাটি পরিচালিত হয় ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা টাইপ-২ ডায়াবেটিস রোগীদের তথ্য এতে বিশ্লেষণ করা হয়। গবেষণায় অংশ নেওয়া রোগীদের মধ্যে প্রায় অর্ধেকের ওষুধ সেবনে অনিয়ম পাওয়া যায়। পুরুষ, তুলনামূলক কম পারিবারিক আয়ের রোগী এবং ডায়াবেটিসজনিত ক্ষত থাকা রোগীদের মধ্যে এ প্রবণতা বেশি ছিল।
চমেক হাসপাতালের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রায় ৩৫০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। অন্তর্বিভাগে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের পাশাপাশি ডায়াবেটিক কিটোএসিডোসিস, রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়া এবং ডায়াবেটিক ফুটের মতো জটিলতা নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এসব রোগীর চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন, ইনসুলিন ব্যবহারের নিয়ম, রক্তে শর্করা কমে গেলে তাৎক্ষণিক করণীয় এবং পায়ের যতœ সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিকে, জাতীয় পর্যায়ের চিত্রও উদ্বেগজনক। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ-২০২২-এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে মাত্র ৩৩ দশমিক ৫ শতাংশ রোগ শনাক্ত হয়েছিলেন। চিকিৎসা নিচ্ছিলেন ২৪ দশমিক ৬ শতাংশ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে ছিল মাত্র ৯ দশমিক ৬ শতাংশের। অর্থাৎ, রোগ শনাক্ত হওয়া থেকে চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা গ্রহণের পরও রক্তে শর্করা নিয়ন্ত্রণ, প্রতিটি ধাপেই বড় ঘাটতি রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারহানা আক্তার বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। এ রোগ নিয়ন্ত্রণে শুধু ওষুধ সেবন করলেই হয় না, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি। অনেক রোগী কিছুদিন চিকিৎসা নেওয়ার পর নিয়মিত ওষুধ সেবন ও ফলোআপে অনিয়ম করেন। এতে রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ে। তাই রোগীদের মধ্যে সচেতনতা তৈরি এবং চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পূর্বকোণ/নুসরাত


















