চট্টগ্রাম বন্দরে প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা হয়েছে জাল সিগারেটের স্ট্যাম্প। বন্দরে একটি কন্টেইনার থেকে ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প ও বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার যৌথ অভিযানে এ অনিয়ম ধরা পড়ে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এই চালানের মাধ্যমে সরকারের প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা ভেস্তে দেওয়া হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩ (ব্লক-এ, শপ নম্বর 3C004A) ঠিকানার ‘চায়না মার্ট’ নামের একটি প্রতিষ্ঠান আমদানিকারক হিসেবে চালানটি খালাসের চেষ্টা করে। গত ৯ আগস্ট চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আমদানি নথিপত্রে পণ্য হিসেবে কেবল ‘প্রিন্টিং মেশিন’ ঘোষণা করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর সিআইসি ও কাস্টমস এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে কন্টেইনারটির কায়িক পরীক্ষা করেন। এ সময় নথিতে ঘোষিত প্রিন্টিং মেশিনের পরিবর্তে ভেতরে বিপুল পরিমাণ প্রসাধনী এবং অভিনব কায়দায় লুকানো জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়।
কাস্টমস জানায়, উদ্ধারকৃত ৪০ লাখ ৮০ হাজার পিস জাল স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। বর্তমানে বাজারে এ ধরনের এক প্যাকেট সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা, যার বিপরীতে সরকার ১০৬ টাকা ৬০ পয়সা রাজস্ব পেয়ে থাকে।
হিসাব অনুযায়ী, এই জাল স্ট্যাম্পগুলো ব্যবহার করে অবৈধভাবে সিগারেট বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো। পাশাপাশি, চালানে থাকা প্রসাধনী সামগ্রী থেকেও প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকির তথ্য মিলেছে। সব মিলিয়ে এই একক চালানে সম্ভাব্য রাজস্ব ঝুঁকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটি টাকা।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, এনবিআর সিআইসি ও কাস্টমসের এআইআর শাখা যৌথভাবে চালানটি আটক করে কায়িক পরীক্ষা সম্পন্ন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শুল্ক-কর ফাঁকি ও অন্যান্য অপরাধের বিষয়ে বিস্তারিত উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
আমদানি-রপ্তানি বাণিজ্যে ভুল ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও অবৈধ পণ্য বাজারজাতকরণ রোধে কাস্টমসের এমন গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















