চট্টগ্রামের সীতাকুণ্ডে পণ্যবাহী পিকআপের চাপায় মো. দানু (৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত মো. দানু উপজেলা বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার শুকলালহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দানু নামে এক ব্যক্তি উপজেলার শুকলালহাট এলাকায় মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা পণ্যবাহী পিকআপের চাকায় চাপা পড়েন। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম জানান, দুর্ঘটনা পরবর্তীতে পিকআপটি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিতে থানায় এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/পিআর


















