যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি অব্যাহতভাবে কমে যাওয়ার মধ্যে সুখবর হলো অপ্রচলিত দেশগুলোতে উল্লেখযোগ্য হারে বাড়ছে তৈরি পোশাক রপ্তানি। এরমধ্যে বড় চমক হলো, অপ্রচলিত দেশ তুরস্কে আলোচ্য চার মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুণ। অপ্রচলিত অন্যদেশগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২৩৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি ৯.৩০ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ। অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য জাপানে জুলাই-অক্টোবর সময়ে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। মোট অপ্রচলিত বাজারের রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে। শীর্ষ পাঁচ বাজারের বাইরে অন্য দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।
অপ্রচলিত দেশে রপ্তানি বাড়ার এই প্রবণতাকে ইতিবাচক উল্লেখ করে তৈরি পোশাক রপ্তানির সঙ্গে সম্পৃক্তরা বলছেন, নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধুমাত্র প্রচলিত বাজারের ওপর নির্ভর না করে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ভারতসহ অন্যান্য বাজারেও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে বিদেশি দূতাবাসগুলোকে কাজে লাগাতে হবে। একইসঙ্গে পণ্যের বৈচিত্র্য, মানোন্নয়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতাও বাড়ানো জরুরি। এছাড়া এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ সহায়ক হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪.৪৩ শতাংশ কমে ৫.৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ পতনের ফলে মার্কিন বাজারে একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারকের অবস্থান হারিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে নেমে গেছে। দ্বিতীয় স্থানে দীর্ঘদিন বাংলাদেশ থাকলেও আগস্ট শেষে সেই জায়গাটি পুনরায় দখলে নিয়েছে চীন। আর শীর্ষস্থানে আছে ভিয়েতনাম।
অন্যদিকে, চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে প্রায় ১২ শতাংশ। এর বিপরীতে চীনের রপ্তানি বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ, আর ভিয়েতনামের বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। চলতি বছরের প্রথম আট মাসে ইইউর ক্রেতা প্রতিষ্ঠান সামগ্রিকভাবে তৈরি পোশাক আমদানি যতটুকু কমিয়েছে, তার তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে প্রায় তিন গুণ।
পূর্বকোণ/ইবনুর




















