কক্সবাজারের চকরিয়ায় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ছেলে। তবে শেষ পর্যন্ত বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তার।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাবুল দে (৬৫)। তিনি চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। ডুলাহাজারা বাজারে একটি ওষুধের দোকান করতেন তিনি।
হাইওয়ে পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। তার ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় ছেলে রনি দে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলানো ছিল। আহত অবস্থায় বাবুল দেকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ছেলে। সেখানে চিকিৎসক বাবুল দেকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রনি দে বলেন, তিনি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। তার ধারণা, কোনো গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাবুল দের মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে থানার এসআই খোকন চন্দ্র দাশ নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহ থানায় নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের চাওয়া অনুযায়ী এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় বাবুল দের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
পূর্বকোণ/পিআর


















