কর্ণফুলী নদীর ওপর নির্মিত শতবর্ষী কালুরঘাট সেতুর পিলারের গোড়ায় ফেলা হচ্ছে জিওব্যাগভর্তি বড় আকারের বালুর বস্তা। পিলারের মাটি সরে যাওয়ার কারণে ঝুঁকিমুক্ত করতে বালুর বস্তা ফেলা হচ্ছে বলে জানায় রেলওয়ে।
রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, খরস্রোতা কর্ণফুলীর স্রোতের কারণে সেতুর মাঝখানে কিছু পিলারের মাটি ক্ষয় হয়ে গেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা ও পরামর্শকদলের সুপারিশের ভিত্তিতে সেতুর গোড়ায় বালুর বস্তা ফেলা হচ্ছে বলে জানান রেলওয়ের সেতু প্রকৌশলী এম রিয়াসাদ ইসলাম। এই বিষয়ে বুয়েটের পরামর্শক দলের সদস্য ও রেলওয়ের প্রকৌশলীসহ চার বিশেষজ্ঞের সঙ্গে কথা হয় পূর্বকোণের। কালুরঘাট সেতুর বয়স শত বছরের কাছাকাছি। কর্ণফুলী হচ্ছে খরস্রোতা নদী। স্রোতের টানে মাঝখানের কিছু পিলারের গোড়া থেকে মাটি সরে গেছে। স্রোত ছাড়াও একাধিক কারণে মাটি ক্ষয় হয়ে যেতে পারে। সেতু এলাকা থেকে বালু উত্তোলনের কারণও উড়িয়ে দিচ্ছেন না রেলওয়ের প্রকৌশলীরা।
রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম গতকাল পূর্বকোণকে বলেন, ‘স্রোতের কারণে কিছু পিলারে মাটি সরে যাওয়ার কারণে জিওব্যাগ ফেলা হচ্ছে। মাঝখানের কিছু স্থানে এই সমস্যা হয়েছে। ঝুঁকিমুক্ত করার জন্য সব ব্যবস্থা নিচ্ছে রেল।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেতু এলাকা থেকে বালু উত্তোলন করা হলে মাটি সরে যাওয়ার জন্য তাও একটি কারণে হতে পারে।’ রেলওয়ে সূত্র জানায়, কালুরঘাট সেতুর কাঠামোগত মূল্যায়ন ও সংস্কার নিয়ে বুয়েটের একাধিক সমীক্ষা রয়েছে। বুয়েটের অনুসন্ধানে চিহ্নিত প্রধান ত্রুটিসমূহ হচ্ছে, ইস্পাতের ক্ষয় ও মরিচা ধরে সেতুর ডেক স্ল্যাবে পানি জমে থাকা এবং সড়ক যানবাহনের অতিরিক্ত চাপের কারণে স্টিল গার্ডার, স্ট্রিংগার ও ক্রস-বিমগুলোতে ক্ষয় দেখা দেয়। নদীর তীব্র জোয়ার-ভাটার কারণে সেতুর কয়েকটি পিয়ারের গোড়ায় (সেতুর পিলারের গোড়ার চারপাশ থেকে পানির স্রোতে মাটি সরে যাওয়া ) স্কাওরিং ঝুঁকি তৈরি হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশে দুটি বড় আকারের নৌযান (পল্টুন) থেকে জিওব্যাগভতি বালুর বস্তা ফেলা হচ্ছে পিলারের গোড়ায়। মাসখানেক ধরে এই বালুর বস্তা ফেলা হচ্ছে বলে জানান স্থানীয়রা। প্রতিদিন অন্তত অর্ধ শতাধিক শ্রমিক এখানে কাজ করছেন। কেউ বালু আনছেন, কেউ বস্তা বালু ভর্তি করছেন, কেউবা বস্তা সেলাই কাজ করছেন। দুই পাশে অন্তত অর্ধ শতাধিক শ্রমিক বালুর বস্তা ফেলানোর কাজ করছেন। চট্টগ্রাম-দোহাজারী রেললাইন সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত নেওয়া হয়। ২০২৩ সালে প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচলের জন্য বড় সংস্কার করা হয়। এই সেতুর ওপর প্রতিদিন তিন জোড়া ট্রেন চলাচল করে। ট্রেন ছাড়াও শত শত মাঝারি ও ছোট আকারের যানবাহন চলাচল করছে।
১৯৩০ সালে কর্ণফুলী নদীর ওপর নির্মিত ৬৩৮ দশমিক ৫ মিটার দীর্ঘ কালুরঘাট সেতু নির্মাণ করা হয়। ১৯৬২ সালে এতে সড়ক যান চলাচলের ডেক যুক্ত করা হয়। দীর্ঘ ৯৬ বছর ধরে ব্যবহারের কারণে সেতুটি মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একাধিকবার সংস্কার ও জোড়াতালি দিয়ে ট্রেন এবং যানবাহন চলাচল উপযোগী করে তোলা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে দোহাজারী-কক্সবাজার রেলপথ চালুর আগে বুয়েটের পুরকৌশল বিভাগের পরামর্শে সেতুটির পূর্ণাঙ্গ কারিগরি মূল্যায়ন করা হয়। সংস্কারের পর কক্সবাজারগামী ট্রেন চলাচল শুরু করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী- ১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন পূর্বকোণকে বলেন, ‘খরস্রোতা কর্ণফুলীর জোয়ার-ভাটার স্রোতে কিছু পিলারের মাটি ক্ষয়ে গেছে বলে বুয়েট সমীক্ষায় উঠে এসেছে। বুয়েট পরামর্শকদের সুপারিশে পিলারের তলদেশে মাটি সরে যাওয়া স্থানে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে।’
সরেজমিন ঘুরে দেখা যায়, কালুরঘাট সেতু এলাকা থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন চলে আসছে। সেতু জোয়ার-ভাটি দুই দিক থেকেই ড্রেজার মেশিনে নদী থেকে বালু তোলা হয়। দিনে-রাতে সমানতালে বড় আকারের ভলগেট ও নৌযানে করে এসব বালুর বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ মতে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করা যাবে না।
আইন অমান্য করে কালুরঘাট সেতু এলাকা বা এক কিলোমিটারের ভেতর থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হয় বলে জানান স্থানীয়রা। কালুরঘাট সেতু এলাকার একাধিক মৎস্যজীবী ও ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে পূর্বকোণকে জানান, দিন-দুপুরে সেতু এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এমনকি রাতে বেলায় সেতু গোড়া থেকে বালু তোলা হয়। সরকারি কোনো সংস্থাকে কোনদিন এই বিষয়ে বাধা দিতে দেখা যায়নি।
পূর্বকোণ/ইবনুর



















