সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও ৭ শ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। অভিযানকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে ৬টি ট্রলিং জাল এবং আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এ সময় বোটটিতে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত মাছ, বোট ও জালসহ আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















