চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ইতিহাস গড়ে হৃদয় বললেন, ‘এটির স্বপ্ন ছিল’

ইতিহাস গড়ে হৃদয় বললেন, ‘এটির স্বপ্ন ছিল’

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৬ | ১:৩৪ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত থেকে তিনি করেছেন ২৪২ রান। দুই ইনিংসেই বাজেভাবে আউট হওয়ায় তিনি হয়তো মনে রাখতে চাইবেন না পরের টেস্টও। তবে তৃতীয় ম্যাচে তিনি করেছেন অবিস্মরণীয় কীর্তি। মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে গড়েছেন ইতিহাস। আর রেকর্ড গড়ার পর বলেছেন, এমন কিছুরই স্বপ্ন দেখতেন তিনি।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রান করেছেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলোধুনা করে ২২ চারের সঙ্গে রেকর্ড ১১ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস।

 

টেস্টে এক ইনিংসে এটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান। তিনি ভেঙেছেন নিজের আদর্শ ও একই শহর বগুড়ার সন্তান মুশফিকুর রহিমের করা ২১৯ রানের রেকর্ড। ইনিংসে ছক্কার রেকর্ডেও তামিম ইকবালকে টপকে এখন দেশের সেরা হৃদয়।

 

এমন ইনিংসের পর শনিবার স্বাভাবিকভাবেই হৃদয়কে ঘিরে ছিল সবার আগ্রহ। তবে ক্লান্ত থাকায় সংবাদ সম্মেলনে যেতে পারেননি তিনি। রোববার খেলা শুরুর আগে ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে হৃদয় বললেন, দেশের সর্বোচ্চ ইনিংস খেলতে পারা তার কাছে স্বপ্নপূরণের মতোই ব্যাপার।

 

“সত্যি বলতে, এটা নিশ্চিতভাবেই আমার একটি স্বপ্ন ছিল। স্বপ্নটা সত্যি হওয়ায় আমি দারুণ আনন্দিত, আর হয়তো প্রত্যাশার চেয়ে একটু আগেই তা ধরা দিয়েছে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।”

 

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হৃদয়। দুই ইনিংসে ৩ ও ৯ রান করে ফিরে যান মিডল অর্ডার ব্যাটসম্যান। সেই ম্যাচে নিয়েও বড় স্বপ্ন ছিল তার। তবে পূরণ হয়নি তা। সেই জেদ থেকেই এবার রেকর্ডরাঙা ডাবল সেঞ্চুরি।

 

সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় হৃদয় লিখেছেন, খুব দ্রুতই পূর্ণ হয়েছে তার আশা। “অভিষেক নিয়ে স্বপ্ন ছিলো অনেক। কিন্তু ব‍্যর্থতা এবং হতাশায় জেদ চেপেছিলো খুব। তবে বিশ্বাস ছিলো আল্লাহ এবং নিজের পরিশ্রমের প্রতি। মহান আল্লাহ খুব তাড়াতাড়ি আশা পূরণ করলেন। আলহামদুলিল্লাহ।”

 

অপরাজিত ডাবল সেঞ্চুরি করার পথে একদমই সহজ ছিল না হৃদয়ের কাজ। ১৮৪ রানে বাংলাদেশ যখন সপ্তম উইকেট হারায়, তখন ৮১ রানে অপরাজিত তিনি। সেখান থেকে বাংলাদেশ করে আরও ২০২ রান। তাতে হৃদয়ের একার অবদান ১৬১!

 

প্রথমে তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেটে যোগ করেন ১১৭ রান। পরে তাসকিন আহমেদের সঙ্গে গড়েন আরও ৮৫ রানের জুটি। চাপের মুখে নিজে দায়িত্ব নিয়ে দলকে লিড এনে দেওয়ার পর তাইজুল ও তাসকিনকে কৃতিত্ব দিতেও ভোলেননি হৃদয়।

 

“পেশাদার ক্রিকেটার খেললে দলের জন্য সবসময় নিজের সেরাটা দিতে হয়। টেস্টে রেকর্ডের কোনো শেষ নেই। তাই সুযোগ এলে তা পুরোপুরি কাজে লাগাতে হবে। তাইজুল ও তাসকিন সত্যিই খুব ভালো খেলেছে। ওরা যেভাবে আমাকে সঙ্গ দিয়েছে, তা আমাকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।”

 

রেকর্ডরাঙা ইনিংসের তৃপ্তি থাকলেও, উচ্ছ্বাসে ভেসে যেতে চান না হৃদয়। বরং সামনেও দলের প্রয়োজন মিটিয়ে খেলার লক্ষ্যের কথা বললেন তিনি।

 

“আপাতত নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, দলের যা প্রয়োজন, সেটা করে যেতে চাই। যেমনটা আগেও বলেছি, যখনই সুযোগ পাই, সবসময় দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। ম্যাচের পরিস্থিতি যেমন চাইবে, দলের যখন যা প্রয়োজন হবে, আমি সেভাবেই খেলার চেষ্টা করব।”

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন