মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরি সত্ত্বেও শেষ ওভারের নাটকীয়তায় অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। রবিবার সিডনিতে চতুর্থ টি-টোয়েন্টিতে এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল সফরকারীরা।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জেক ফ্রেজার-ম্যাকগার্ককে (০) হারায় অস্ট্রেলিয়া। তবে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করার পর ইনিংসের ১৮তম ওভারে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। ৫৭ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস খেললেও অন্য প্রান্তে স্যাম হারপার (১৮), নিখিল চৌধুরী (১২) ও টিম ডেভিডরা (১২) ব্যর্থ হলে চাপে পড়ে স্বাগতিকরা।
১৯তম ওভারে জেমি ওভারটনের বলে দুটি ছক্কা ও একটি চার মেরে সমীকরণ শেষ ওভারে ১২ রানে নামিয়ে এনেছিলেন মার্শ। কিন্তু শেষ ওভারে বল হাতে ম্যাচের চিত্র বদলে দেন ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বে। তার শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মার্শ বিদায় নিলে ভেঙে যায় অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন। পরের বলেই অলিভার ডেভিসকে এলবিডব্লিউ করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ক্রোকম্বে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ইংল্যান্ডের পক্ষে ক্রোকম্বে সর্বোচ্চ ৩টি উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ফিল সল্ট (৭), অ্যানুরিন ডোনাল্ড (৭), অধিনায়ক হ্যারি ব্রুক (৯) ও টম ব্যান্টনের (৩) উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মাঝের ওভারে জর্ডান কক্স (২৩) ও জেমস কোলস (৩৩) প্রাথমিক ধাক্কা সামাল দেন।
শেষ দিকে লিয়াম ডসন (২৩) ও জেমি ওভারটনকে (২০) সঙ্গে নিয়ে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন স্যাম কারান। এই অলরাউন্ডারের অপরাজিত ৫০ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে স্পেন্সার জনসন ও রাইলি মেরেডিথ ২টি করে উইকেট শিকার করেন।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















