চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ব্রিটেনের রাজার সাক্ষাৎ অনুষ্ঠান বয়কট করলেন পাকিস্তানি ক্রিকেটার

ব্রিটেনের রাজার সাক্ষাৎ অনুষ্ঠান বয়কট করলেন পাকিস্তানি ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৫৯ অপরাহ্ণ

পাকিস্তান-ইংল্যান্ড নিয়ে মাঠের বাইরেও তৈরি হয়েছে নানা অস্বস্তি। দ্বিতীয় টেস্টে বাদ পড়ার পর দলের সঙ্গে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের এক ক্রিকেটার। দ্য টেলিগ্রাফ নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিবাদ হিসেবে ওই ক্রিকেটার ক্ল্যারেন্স হাউজে যাননি।

দ্বিতীয় টেস্টে লর্ডসে ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পড়া সাত ক্রিকেটারকেও চার্লসের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। মোহাম্মদ আওয়াইজ জাফর, আমির জামাল, খুররম শাহজাদ ও আলী উসমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আরও দুজন ক্রিকেটার সেখানে যেতে অনীহা প্রকাশ করেন। তাদের মধ্যে একজন শেষ পর্যন্ত প্রতিবাদ হিসেবে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অবশ্য অনুষ্ঠানে উপস্থিত থাকা ক্রিকেটারদের সঙ্গে চার্লসের সাক্ষাৎ ছিল সৌহার্দ্যপূর্ণ। হতাশাজনক টেস্ট সিরিজের মাঝেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের উৎসাহ দেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম চার্লসকে স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভিও রাজাকে একটি উপহার দেন।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের টেস্ট দলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তৃতীয় ও শেষ টেস্টের আগে প্রায় অর্ধেক স্কোয়াড বদলে ফেলা হয়েছে। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের পরাজয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড।

পরিবর্তিত দলে পাঁচজন আনক্যাপড ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজল। নতুন পাঁচ ক্রিকেটার হলেন-আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রাজাউল্লাহ।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট