চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না’:ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০২৬ | ৪:৫৭ অপরাহ্ণ

কিছুদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় ব্রাজিল। এই আলোচনার মূল কারণ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। বাফুফেও ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন নিয়ে ভাবছে। তবে এত বড় ম্যাচ আয়োজনে সরকারের অনেক বড় সহায়তা ও ভূমিকার দরকার বলে গতকাল বাফুফের এক সদস্য সাংবাদিকদের সরাসরি জানিয়েছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। আবার ব্রাজিলেরও সমর্থক। আজ দুপুরে বক্সিং কোচিং কোর্স অনুষ্ঠানে অংশগ্রহণের পর উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীকে বাংলাদেশ-ব্রাজিল ইস্যুতে জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন,‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। ব্যয় ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা হলে চেষ্টা করব বাস্তবায়নের।’

বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছাপূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকব্রাজিল বাংলাদেশে আসতে চায় এটা ইতিবাচক। বাংলাদেশে ব্রাজিলের অগণিত সমর্থক থাকলেও বাফুফেকে ব্রাজিল ম্যাচ আয়োজনের জন্য গুণতে হবে কোটি কোটি টাকা। বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ শেষ পর্যন্ত আয়োজন হলেও এত ব্যয়ে দেশের ফুটবলে প্রকৃত উন্নয়ন কতটুকু হবে অন্য সবার মতো ক্রীড়া প্রতিমন্ত্রীও সন্দিহান।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু আগাবে এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’

ফুটবলে অবকাঠামো ও মেধাবী ফুটবলার পাইপলাইন নিয়ে মন্ত্রী আরও বলেন,‘আমাদের যে ফুটবল অবকাঠামো সমস্যা রয়েছে। ফেডারেশন কাজ করছে আমরাও সহায়তা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্য খেলাতেও প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের আয়োজন হয়েছিল। সে ম্যাচের ঋণ এখনো বাফুফে মেঠাতে পারেনি। ঐ ম্যাচের পর ফুটবলাঙ্গনে আলোচনা চলছিল আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নয় কেন? নানা সীমাবদ্ধতার মধ্যেও যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ব্রাজিল ম্যাচ হয় সেটা আবার মাইলফলক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী,‘বিষয়টি এখনো বেশ প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট (অর্জন) হবে।’

পূর্বকোণ/আদর

শেয়ার করুন